এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া
বোর্ডার-সুনীল গাভাস্কার চার ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড। গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ অনেক দিন ধরে পা আর গোড়ালির চোটে ভুগছিলেন। সাইড লাইনেও ছিলেন বেশ লম্বা সময়। চোটের কারণে ম্যাক্সওয়েল-মার্শ বিগ ব্যাশে একটি ম্যাচও খেলতে পারেননি। ভারত সফরে ওয়ানডে দিয়েই দলে ফিরছেন দুই অলরাউন্ডার।
সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে যাওয়া ডেভিড ওয়ার্নারকে আবারো ওয়ানডে সিরিজে মাঠে দেখা যাবে। ঘরোয়া ক্রিকেটে খেলতে টেস্ট স্কোয়াড থেকে রিলিজ পাওয়া অ্যাশটন অ্যাগারও ৫০ ওভারের ফরম্যাটের দলে ফিরেছেন। চোটের কারণে টেস্ট সিরিজে বাদ পড়া জশ হ্যাজলউড এর জায়গায় ওয়ানডে সিরিজে ডাক পয়েছেন পেসার ঝাই রিচার্ডসন।
মুম্বাইয়ে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ১৭ মার্চ। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে ১৯ মার্চ। তার পর চেন্নাইয়ে ২২ মার্চ হবে শেষ ও তৃতীয় ওয়ানডে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, ক্যামেরন গ্রিন, অ্যাশটন অ্যাগার, শন অ্যাবট।
এনবিএস/ওডে/সি