এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম
সিটি গ্রুপের এই মহিলার বেতন বেড়ে হল বছরে ২০২ কোটি টাকা, বেসিক ১২ কোটি
একের পর এক বহুজাতিক সংস্থায় চলছে কর্মী ছাঁটাই। ব্যবসায় ক্ষতির পরিমাণ কমাতে যখন একের পর এক সেক্টরে চাকরি যাচ্ছে কর্মীদের, সেইসময় দাঁড়িয়ে সিটিগ্রুপের (Citigroup) সিইও (CEO)-র বেতন (Salary) বেড়ে দাঁড়াল বছরে ২০২ কোটি টাকা।
জানা গেছে, সিটি গ্রুপের ইনকর্পোরেটেড চিফ এক্সিকিউটিভ জেন ফ্রেজার ২০২২ সালে বেতন বাবদ পেয়েছেন ২৪.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২০২ কোটি ৭৭ লক্ষ ১৫ হাজার ৫৫০ টাকা), যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।
উল্লেখ্য, ২০২১ সালে যখন ফ্রেজার কোম্পানির সিইও নিযুক্ত হন, তখন তাঁর বেতন ছিল ২২.৫ মিলিয়ন ডলার (১৮৬ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ৭৫০ টাকা)। ওয়াল স্ট্রিট ব্যাঙ্কের প্রথম মহিলা প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জেন ফ্রেজার। আর একবছরের মধ্যে একধাক্কায় অনেকটাই বেড়ে গেল তাঁর বেতন।
গোল্ডম্যান এবং মর্গ্যান স্ট্যানলি-সহ অন্যান্য বড় বড় ব্যাঙ্কের প্রধানদের বেতন যখন কমেছে, সেসময় দাঁড়িয়ে সিটি গ্রুপের চিফ এক্সিকিউটিভের বেতন বৃদ্ধি ব্যতিক্রম বৈকি!
জানা গেছে, ফ্রেজারের বেতনের সিংহভাগই আসে কোম্পানির স্টক থেকে। একে বলা হয় সীমাবদ্ধ স্টক ইউনিট, যা ব্যাঙ্কের লক্ষ্যপূরণের উপর নির্ভরশীল। তবে ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ফ্রেজারের চূড়ান্ত বেতন ঠিক হবে কোম্পানি কেমন চলবে, তার উপর।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে