ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তেড়ে এসে আক্রমণ করল খ্যাপা মোরগ, মৃত্যু প্রৌঢ়ের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম

তেড়ে এসে আক্রমণ করল খ্যাপা মোরগ, মৃত্যু প্রৌঢ়ের

তেড়ে এসে আক্রমণ করল খ্যাপা মোরগ, মৃত্যু প্রৌঢ়ের


 মোরগ আপাতভাবে নিরীহ প্রাণী। তার আক্রমণে যে কারও মৃত্যু হতে পারে, এমনটা কি ভাবা যায়? কিন্তু তেমনটাই হয়েছে আয়ারল্যান্ডের বালিনাস্লো শহরে। একটি মোরগের আক্রমণে সে দেশে মৃত্যু হয়েছে জ্যাস্পার ক্রাউস নামে এক ব্যক্তির (rooster kills man)।
ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের এপ্রিল মাসে। তবে তা সামনে এসেছে সম্প্রতি। জানা গেছে, ওই মোরগটি স্বভাবে অত্যন্ত আক্রমণাত্মক ছিল (Aggressive Rooster)। এর আগে একটি শিশুর উপরেও সে হামলা চালিয়েছিল। তারপরেই তাকে নিয়ে এসে জ্যাস্পারের খামারে রাখা হয়।
সূত্রের খবর, ঘটনার ২ বছর আগে থেকে জ্যাস্পারের বাড়িতেই ভাড়া থাকতেন কোরে ও’কিফ নামে এক যুবক। ঘটনার দিন রাতে কাজ সেরে বাড়িতে ফিরে এসে শুয়ে পড়েছিলেন কোরে। তারপর হঠাৎই জ্যাস্পারের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাঁর। ছুটে গিয়ে দেখতে পান, রান্নাঘর ভেসে যাচ্ছে রক্তে। তার মধ্যেই পড়ে রয়েছেন জ্যাস্পার। তাঁর পায়ে একটি গভীর ক্ষত, সেখান থেকেই রক্ত পড়ছে অনবরত। জ্ঞান হারানোর আগে জ্যাস্পার একটিই শব্দ বলতে পেরেছিলেন, ‘মোরগ’।
কোরে দেখেন, মোরগের খামার থেকে রান্নাঘর পর্যন্ত গড়িয়ে এসেছে রক্তের ধারা। তখনই তিনি বুঝতে পারেন, জ্যাস্পারের এই অবস্থার জন্য দায়ী ওই আক্রমণাত্মক মোরগটি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকেন তিনি। প্যারামেডিকরা ঘটনাস্থলে এসে সিপিআর দিতে শুরু করেন জ্যাস্পারকে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।
চিকিৎসকরা জানিয়েছেন, মৃত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এছাড়া রেনাল ফেলিওরও হয়েছিল জ্যাস্পারের। মোরগটির আক্রমণে তাঁর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, যার কারণে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে