এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম
রুশ হামলার বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ‘আমরা বিজয়ী হবোই’
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলার বর্ষপূতিতে শুক্রবার বলেছেন, ২০২৩ সালে তারা বিজয়ী হবেন। তার মতো আরো ইউক্রেনীয়রাও এ ব্যাপারে আশাবাদী। এই যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনযাত্রা বদলে দিয়েছে।
ভোর হতেই প্রেসিডেন্ট টুইট করে বলেছেন, ইউক্রেনীয়রা ইতোমধ্যেই অদম্য সাহসের পরিচয় দিয়েছেন। তিনি যুদ্ধের এই এক বছরকে বলেছেন বেদনা, দু:খ, বিশ্বাস ও ঐক্যের। টুইটে জেলেনস্কি লিখেছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিই ইউক্রেনের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা সাদা পতাকার কাছে আত্মসমর্পণ করবে না। কারণ তারা নীল-হলুদকেই ভালোবাসে। পলায়ন নয়, মুখোমুখি হওয়া, প্রতিরোধ তৈরি করা এবং যুদ্ধ করাই এখন ইউক্রেনের নীতি।’ তিনি বলেন, ‘২০২৩ সালই হবে আমাদের বিজয়ের বছর।’
অন্যদিকে রাশিয়া এবং তার যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত বিশ্ব নেতারা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার একটি ভিডিওবার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন: ‘...আমরা শক্তিশালী। আমরা যেকোনও কিছুর জন্য প্রস্তুত। আমরা সবাইকে পরাজিত করব।’
এক বছর আগে রাশিয়ার আগ্রাসন শুরুর কথা স্মরণ করে জেলেনস্কি বলেন, ‘এভাবেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখটি শুরু হয়েছিল। সেটি আমাদের জীবনের দীর্ঘতম দিন। আমাদের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন দিন। আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি এবং তারপর থেকে ঘুমাইনি।’
বর্তমানে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে যুদ্ধ চলছে। আর ঠিক এই সময়টিতেই সারা বিশ্বের মিত্ররা রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকীতে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন তুলে ধরেছে। ফ্রান্স ইউক্রেনীয় পতাকার নীল এবং হলুদ রঙে প্যারিসের আইফেল টাওয়ারে আলো জ্বালিয়েছে।
তার একদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধ করার দাবিতে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়, জাতিসংঘের সনদ মেনে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক। ১৪১ টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। সাতটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।
এনবিএস/ওডে/সি