ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পর্যটক আকর্ষণে তাই্ওয়ানের নতুন উদ্যোগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

পর্যটক আকর্ষণে তাই্ওয়ানের নতুন উদ্যোগ

 পর্যটক আকর্ষণে তাই্ওয়ানের নতুন উদ্যোগ

তাইওয়ানে ঘুরতে গেলেই সরকার পাঁচ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে পর্যটককে। করোনার পর থেকে মানুষের মধ্যে ভ্রমণের নেশা আরও বেড়ে গিয়েছে। বিদেশ ভ্রমণেও এখন করোনার কোনো বিধি নিষেধ মানতে হচ্ছে না। মানুষের মধ্যে ভ্রমণের প্রবণতাও এখন বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাতেও তাইওয়ানের পর্যটনে শিল্পে খুব একটা লাভ হচ্ছে না। তাই আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়তে নতুন নীতি চালু করল দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে যেসব বিদেশি পর্যটক ঘুরতে আসবেন তাদের প্রত্যেককে ৫ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে, বাংলাদেশি অর্থে যা প্রায় ১৮ হাজার টাকার সমান। এছাড়া প্রায় ৯০ হাজার টুরিস্ট গ্রুপকে নগদ ২০ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে।

তাইপেই টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কার্যনির্বাহী ইউয়ান বৃহস্পতিবার পর্যটন ব্যুরোর একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে আগামী তিন বছরে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে গত বছরের উদ্বৃত্ত রাজস্ব কর থেকে ৫.৩ বিলিয়ন তাইওয়ানি ডলার বা ১৭৪.৩১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়।

তাইপেইতে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ব্যুরো মহাপরিচালক চ্যাং শি-চুং বলেছেন, অর্থ বিতরণ করার জন্য ব্যুরোটির প্রত্যেক পর্যটকের পাঁচ হাজার তাইওয়ানি ডলার বরাদ্দ রয়েছে। পাঁচ লাখ পর্যটককে এই অর্থ দেওয়া হবে।

চ্যাং বলেছেন, ‘একবারে সব দেওয়ার পরিবর্তে এই বছর একাধিক পর্যটন প্রচার ইভেন্টের মাধ্যমে অর্থ দেওয়া হবে। যেমন, সমস্ত আন্তর্জাতিক পর্যটক এটি গ্রহণ করবে না।’

বৃহস্পতিবার তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন জানিয়েছেন, তারা ২০২৩ সালে তাইওয়ানে ৬০ লাখ পর্যটক আশা করছেন। এছাড়া তাদের লক্ষ্য ২০২৫ সালে ১ কোটি পর্যটককে নিয়ে আসা। এর অংশ হিসেবেই এই অর্থ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে বুধবার তাইওয়ানের পরিবহনমন্ত্রী ওয়াং কুও-সাই জানান, এই নগদ অর্থ ডিজিটাল মাধ্যমে দেয়া হবে। পর্যটকরা এ অর্থ দিয়ে তাইওয়ানের ভেতর হোটেল ভাড়া দেয়া থেকে শুরু করে সবই করতে পারবেন। তবে কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেয়া হবে অথবা কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ানের সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি।

তাইওয়ান পর্যটন ব্যুরোর দেয়া হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৯ লাখের কম পর্যটক তাইওয়ান ভ্রমণ করেন। বেশির ভাগ পর্যটক ছিলেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের। তবে ২০১৯ সালে তাইওয়ানে ভ্রমণ করেছেন ১ কোটি ১৮ লাখ পর্যটক, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।

এনবিএস/ওডে/সি