ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য দুর্ভাগ্যজনক’! নিন্দায় সরব আলি জাফর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

পাকিস্তান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য দুর্ভাগ্যজনক’! নিন্দায় সরব আলি জাফর

পাকিস্তান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য দুর্ভাগ্যজনক’! নিন্দায় সরব আলি জাফর

পাকিস্তানে (Pakistan) গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে সেদেশের বিরুদ্ধেই কথা বলেছিলেন জাভেদ আখতার (Javed Akhtar)। মুম্বইয়ের তাজ হোটেলে ২৬/১১ হামলার ঘটনায় দোষীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে। জাভেদ বলেন, ‘আমি মুম্বইয়ের লোক। আমি দেখেছি কী হামলা হয়েছিল ২৬/১১-তে। তারা তো নরওয়ে থেকে যায়নি, মিশর থেকেও যায়নি। তারা আপনাদের দেশ থেকেই গেছিল এবং এখনও তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।’

এ নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে দুই দেশে। পাকিস্তানের বহু সাধারণ নাগরিক এই ঘটনাকে কেন্দ্র করে জাভেদ আখতারের মুণ্ডুপাত করেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেতা তথা সঙ্গীতশিল্পী আলি জাফর (Ali Zafar)। বললেন, “জাভেদ আখতারের এই মন্তব্য পাকিস্তানের পক্ষে খুবই অপমানজনক। একইসঙ্গে দুর্ভাগ্যজনকও।”

ভারতে পাকিস্তানি শিল্পী ব্যান হওয়ার আগে বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করে গিয়েছেন আলি জাফর। ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘চশমে বদ্দুর’-এর মতো ছবিতে আলির অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এরপর আর খুব বেশি ভারতীয় ছবিতে দেখা যায়নি তাঁকে। ফিরে যান নিজের দেশে। সেই আলি জাফরই এবার জাভেদ আখতারের এই মন্তব্যের তীব্র নিন্দা করে বললেন, “আমি পাকিস্তানি হিসাবে গর্বিত। দেশবিরোধী এমন কোনও মন্তব্যই আমরা সমর্থন করি না।”

এখানেই না থেমে আলি জাফর আরও বলেন, “এমন একটি সুন্দর অনুষ্ঠানে এধরনের দেশবিরোধী মন্তব্য একেবারেই কাম্য নয়। সবাই জানেন যে, সন্ত্রাসবাদের কারণে পাকিস্তান নিজেও কতটা ভুগছে। দেশটার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। জাভেদ আখতারের এই ধরনের অসংবেদনশীল এবং অযাচিত মন্তব্য সাধারণ মানুষের অনুভূতিকে গভীরভাবে আঘাত করতে পারে।”

এদিকে এরমধ্যেই জাভেদ আখতারের সামনে আলি জাফরের গাওয়া একটি গানের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই আলির তীব্র নিন্দা করে জানান, যেই অনুষ্ঠানে জাভেদ আখতার পাকিস্তানের নিন্দা করলেন, সেখানেই আপনি তাঁর সামনে দাঁড়িয়ে তাঁর লেখা গান গাইছেন! ছি!” সেই ঘটনা নিয়েও মুখ খুলেছেন আলি। ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে তিনি বলেছেন, “বন্ধুরা, আমি আপনাদের সবাইকে ভালবাসি এবং আপনাদের প্রশংসা এবং সমালোচনাকে সমানভাবে গুরুত্ব দিই। কিন্তু একটা অনুরোধ, কোনও সিদ্ধান্তে বা রায়ে পৌঁছনোর আগে সত্যতা যাচাই করুন। আমি সেই অনুষ্ঠানে উপস্থিতই ছিলাম না। এটা তার আগের দিন অন্য একটি অনুষ্ঠানের মুহূর্ত।”
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে