তামিম-সাকিব দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে
বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। কিন্তু দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় দলের দুই সিনিয়র সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। যদিও ইংল্যান্ড সিরিজের আগে এ সময় নিয়ে ভাবতে চান না বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলের খেলায় সাকিব-তামিমের সম্পর্কের প্রভাব না পড়া পর্যন্ত এ নিয়ে মাথা ঘামাতে চান না লঙ্কান কোচ।
কয়েক দিন আগে ‘ক্রিকবাজ’ কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দুজনের সম্পর্কের অবনতির কথা জানান। শুধু তাই নয়, সাকিব-তামিমের এমন সম্পর্কের কারণে দলে গ্রুপিং সৃষ্টি হয়েছে বলেও দাবি করেছেন বোর্ড সভাপতি।
ইংল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলনেও এ কথা স্বীকার করেন তামিম ইকবাল। এবার এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের কোচ হাথুরুসিংহেও। তিনি বলেন, ‘প্রথমত. আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন ড্রেসিংরুম ও দলেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন।
হাথুরুসিংহে আরো বলেন, আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতে হবে না। যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে অন্য কোনো ইস্যুকে গুরুত্ব নিতে নারাজ লঙ্কান এই কোচ।
এনবিএস/ওডে/সি