বসুন্ধরা কিংসকে দেখে অবাক রিভারপ্লেটের কর্মকর্তা

ঢাকার কয়েকটি ক্লাব ঘুরে তাদের চোখ আটকে গেছে বসুন্ধরা কিংসে। আলোকবর্ষ পিছিয়ে থাকা বাংলাদেশ ফুটবলের কোনো এক ক্লাবের সুন্দর স্টেডিয়াম এবং কমপ্লেক্স দেখে সেবাস্তিয়ান পেরেজ যার পর নাই বিস্মিত, আমি বিস্মিত হয়েছি এই ক্লাবের ফুটবলের এত আয়োজন দেখে। এই অবকাঠামো চমৎকার, আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাবগুলোতেই কেবল এ রকম ব্যবস্থা আছে। এমন দেখতে পাব, সেটা প্রত্যাশা করিনি।

আর্জেন্টাইন ফুটবলে অ্যাটলেটিকো রিভার প্লেটের ঐতিহ্য অনেক পুরনো। ঘরোয়া ফুটবলে তারা যেমন পরাশক্তির আসনে তেমনি  ক্লাবের নিজস্ব দর্শনে ফুটবলার তৈরিতেও তাদের জুড়ি নেই। খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর হলো রিভার প্লেট ফুটবল স্কুল বা একাডেমি। দেশে ও দেশের বাইরে আছে তাদের ২৫টি ফুটবল স্কুল। আর এই বিভাগের প্রধান সেবাস্তিয়ান পেরেজ পরশু আলোচনায় বসেছিলেন ঢাকার বড় ক্লাবগুলোর সঙ্গে। আগ্রহ প্রকাশ করেছিলেন এ দেশের কোনো ক্লাবের সঙ্গে মিলে রিভার প্লেট একাডেমি গড়ার। এরপর কাল পরিদর্শন করেছেন বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেল ক্লাব।

এগুলোর মধ্যে একদম আলাদা বসুন্ধরা কিংস, যারা ফুটবল আধুনিকতাকে ধারণ করে সামনে এগোনোর চেষ্টা করে। এ দেশে একমাত্র তারাই খেলে নিজস্ব স্টেডিয়াম কিংস অ্যারেনায়, এটিকে ঘিরে তৈরি হচ্ছে সুবিশাল ক্রীড়া কমপ্লেক্স। এর সঙ্গে রিভার প্লেটের তুলনা করে সেবাস্তিয়ান বলছেন, রিভার প্লেটের হোম ভেন্যুর মতো বড় না হলেও বসুন্ধরা কিংসের স্টেডিয়ামকে আমাদের শীর্ষ পর্যায়ের অন্যান্য ক্লাবের সঙ্গে তুলনা করলে দুর্দান্ত। রিভার প্লেট ক্লাবে বড় স্টেডিয়াম, সুইমিং পুল, বাস্কেটবল কোর্ট সবই আছে। প্রি-স্কুল, এলিমেন্টারি হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ও আছে আমাদের। এখানেও অনেক কিছু হবে শুনেছি।

এনবিএস/ওডে/সি

Walton Ads