ওয়ানডে সিরিজের টিকিটের ভুল সংশোধন করে নতুনভাবে ছাপাবে বিসিবি

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের টিকিটের ভুল সংশোধন করে নতুনভাবে ছাপাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা দিয়ে ছাপানো হয়েছে। এভাবেই বিক্রি হয়েছে সেই টিকিট।

বিসিবির পক্ষ থেকে টিকিট সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছে। দ্বিতীয় ম্যাচের জন্য আগে থেকে ছাপানো টিকিট বাতিল করে ইংল্যান্ডের সঠিক পতাকা দিয়ে এবার ছাপানো হবে।

প্রথম ম্যাচের টিকিটে বাংলাদেশের পতাকার পাশাপাশি ইংল্যান্ডের যে পতাকা দেওয়া হয়েছে সেটি মূলত গোটা যুক্তরাজ্যের। যুক্তরাজ্য হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশ নিয়ে গঠিত।

সাদা রঙের ওপর লাল যোগ চিহ্ন সম্বলিত পতাকা ইংল্যান্ড ব্যবহার করে থাকে। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল ছবি ব্যবহার করা হয়েছে। অথচ বিসিবির টিকিটে গোটা যুক্তরাজ্যর পতাকা দিয়ে ছাপানো হয়েছে।

বিসিবির এমন ভুল এটাই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের টিকিটে ভুল করেছিল। এই টিকিটে ইংরেজি লেখা সব বানান ঠিক থাকলেও বাংলাদেশ বানানে ‘বি’-এর পর একটি ‘এন’ বেশি লেখা হয়েছিল।

২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলোয়াড় তালিকায় দেখা যায়, বাংলাদেশের নাম লেখা ‘বামগ্লাদেশ’! একই সিরিজে খেলা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও টিকিটে লেখা ছিল রাত ১০টায়। আর এবার পতাকায় ভুল করে বসলো বোর্ড।

এনবিএস/ওডে/সি

Walton Ads