ফিটনেস জটিলতায় টি-টোয়েন্টি দলে জায়গা পাননি নাসির: নান্নু
বিপিএলে ব্যাট-বল হাতে অলরাউন্ড পারফর্ম করে সকলের নজর কাড়েন ঢাকা ডাইনামাইটসের কাপ্তান। অনেকের ধারণা ছিল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে সুযোগ পাবেন নাসির। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ঘোষিত সেই দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের।
বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি নাসিরের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন।
নান্নু জানিয়েছেন, অনেক কিছু ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।
বিপিএলের নবম আসরের সেরা খেলোয়ারের দৌড়ে ছিলেন নাসির। যেখানে ১২ ম্যাচে ব্যাট হাতে ৪৫.৭৫ গড় ও ১২০ স্ট্রাইকরেটে ৩৬৬ রান করেন তিনি। যেখানে ছিল ২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এছাড়া বল হাতে ৬.৮১ ইকোনোমিতে ১৬ উইকেট শিকার করেন নাসির। কিন্তু দলের ভরাডুবিতে গ্রুপ পর্বের সিঁড়ি উতরাতে পারেনি তার দল।
এনবিএস/ওডে/সি