ইন্দোর টেস্টে ৯ উইকেটে ভারতকে হারালো অস্ট্রেলিয়া
বোর্ডার-সুনীল গাভাস্কার চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া।
সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে পরপর দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ফেলে ৯ উইকেটের বড় ব্যবধানের জিতেছে অস্ট্রেলিয়া। এর ফলে ৬ বছর পর ভারতের মাটিতে টেস্টে জয় পেয়েছে অজিরা। সিরিজ জয়ের লক্ষ্যে ইন্দোরে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল রোহিত শর্মার দল। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় গিল-বিরাটরা।
প্রথম ইনিংসে অজিদের বাঁ-হাতি স্পিনার ক্যানিম্যান পাঁচটি আর নাথান লায়ন তিনটি উইকেট নিলে মাত্র ১০৯ রানের পুঁজি পায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। শুভমান গিল ২১, শ্রীকর ভারত ১৭ ও উমেশ যাদবের ১৭ রানে ভর করে এ সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দল।
জবাবে ব্যাট করতে নেমে ১৯৭ রানেই থামে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনার উসমান খাজা সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন। এ ছাড়া মার্নাস লাবুশানে ৩১, স্টিভ স্মিথ ২৬ ও ক্যামেরুন গ্রিন ২১ রান করেন। ভারতের হয়ে রবিন্দ্র জাদেজা ৪টি, উমেশ ও অশ্বিন ৩টি করে উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ৮৮ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই অলআউট স্বাগতিক ভারত। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ একাই তাসের ঘরে পরিণত করেন নাথান লায়ন। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে একাই নেন ৮ উইকেট। এবার জয়ের জন্য অজিদের লক্ষ্য দাঁড়ায় ৭৬ রান।
তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই প্রথম উইকেট হারায় অতিথিরা। এরপর অজিদের হয়ে ৬ চার ও এক ছক্কায় ৫৩ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে অজিদের জয় নিশ্চিত করেন ট্রাভিস হেড।
এনবিএস/ওডে/সি