চট্টগ্রামে গ্যালারিতে নেই দর্শক, মাইকিং করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি
দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সাত বছর পর সিরিজ হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ । এতে প্রায় ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের মাটিতে হোয়াইটওয়াস হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ সোমবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ঈস্খথম ও দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে দর্শকদের টিকিটের চাহিদা ছিলো ব্যাপক। ভোর রাত থেকে লাইনে দাড়িয়েও টিকিট পায়নি অনেকে। তবে চট্টগ্রামে এদিন মাঠে দর্শক উপস্থিতি নেই বললেই চলে। মাঠের সব গ্যালারি ফাঁকা, বলা যায় দর্শকের আকাল। স্টেডিয়ামের বাইরেও নেই উৎসুক মানুষের ভিড়।
সাধারণত ঘরের মাঠে খেলা হলে দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে স্টেডিয়াম। তবে এবার বন্দরনগরীতে দেখা গেছে ভিন্ন চিত্র। কয়েক দশক ধরে বাংলাদেশের ম্যাচ কাভার করা ক্রীড়া সাংবাদিকরা আক্ষেপের সুরেই বলেন, সাকিব-তামিমসহ চার সিনিয়র ক্রিকেটার খেলছেন। প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন। জোফরা আর্চারদের মত তারকারা তাদের দলে। সেই ম্যাচ দেখার জন্য পুরো স্টেডিয়ামে ২০০ জন দর্শকও নেই। শেষ ওয়ানডেতে দর্শকের আগ্রহ নেই খেলা দেখার।
কয়েক জন দর্শকের কাছে এর কারণ জানতে চাওয়া হলে তারা বলেন, বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরেছে তাই দর্শকদের আগ্রহ কমেছে। সিরিজ সমতায় থাকলে দর্শকদের আগ্রহ বাড়তো। দর্শকের অবস্থা এতটাই বেগতিক যে, চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে মাইকিং করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি।
এনবিএস/ওডে/সি