টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক এইডেন মার্করাম
কিছুদিন আগেই টেম্বা বাভুমাকে সরিয়ে দেওয়া হয়েছিলো টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে। ব্যর্থতার কারণে এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন বাভুমা। বাভুমার জায়গায় প্রোটিয়াদের টি-টোয়েন্টির নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে এইডেন মার্করামের হাতে। একই সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে জেপি ডুমিনি, সাদা বলের ক্রিকেটে বোলিং কোচ হিসেবে ররি ল্যাঙ্গাভেল্টকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবেই ডুমিনি নিয়োগ পেয়েছেন। আর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ল্যাঙ্গাভেল্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। টেম্বা বাভুমা এতদিন দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দলে অধিনায়ক ছিলেন। কিন্তু তিনি চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম টি-টোয়েন্টির জন্য ঘোষিত দল থেকে পুরোপুরি বাদ পড়েছেন।
কারণ, সীমিত ওভারের ফরম্যাটে তার পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। এরপর গেল মাসে অধিনায়কত্ব ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসে)। সেখানে নতুন অধিনায়ক হিসেবে মার্করামের নাম ঘোষণা করা হয়।
গুঞ্জন ছিলো সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি এই সিরিজ দিয়ে দলে ফিরবেন। তবে ১৫ সদস্যের দলে নাম নেই সাবেক এই অধিনায়কের। তাকে দলে ফেরানোর চেষ্টা করেও পারেননি কোচ আর ক্রিকেট বোর্ড।
এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ত্রিস্তান স্টাবস। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার কাগিসো রাবাদা আর এনরিক নর্টজেকে।
এনবিএস/ওডে/সি