মঙ্গলবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ
বাংলাদেশের লক্ষ্যপূরণ শেষ। ক্রিকেট বিশ্বে এখন আর কোনো দল বাকি নেই। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সিরিজ জয় ছিলো না শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে। টি-টোয়েন্টিকে উপলক্ষ বানিয়ে গত রোববার সেই ইংল্যান্ডও ধরাশায়ী। কোনো না কোনো সংস্করণে বাংলাদেশের কাছে সিরিজ হারেনি এমন দল আর নেই।
এবার বাংলাদেশের সামনে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হাতছানি। পাশাপাশি নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন কাউকে পরখ করার সুযোগ। সপ্তাহখানেক আগেও বাংলাদেশ দলের জন্য এমন কিছু চিন্তা করা ছিল অসম্ভবের কাছাকাছি। এখন সেটিরই উজ্জ্বল সম্ভাবনা। নির্বাচক হাবিবুল বাশারও বললেন, শেষ ম্যাচে এই সবকিছুরই সম্মিলন চান তারা।
টানা দুই ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক লড়াইয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি জিতলে জিম্বাবুয়ের বাইরে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশকে এই সংস্করণে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে সাকিব আল হাসানের দল। জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজের সব ম্যাচ জেতার নজির আছে স্রেফ একবারই।
মিরপুর শেরেবাংলা বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার অভিযানে নামবে বাংলাদেশ। বিকাল ৩টায় খেলা শুরু হবে।
টাইগার দলপতি সাকিব আল হাসানের দৃঢ় বিশ্বাস, আগের দুই ম্যাচের ধারাবাহিকতা তৃতীয় ম্যাচে বজায় রাখতে পারলে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সম্ভব। এদিন ইংলিশ ক্রিকেটাররাও মরণকামড় দিবে। সে কথা মাথায় রেখেই আমাদের মাঠে নামতে হবে।
ইংল্যান্ড শিবির নিরব। বাংলাদেশের কাছে সিরিজ খুইয়ে ক্রিকেটাররা পড়েছেন প্রশ্নের মুখে। টি-টোয়েন্টির র্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের কাছে কীভাবে সিরিজ হারালো বিশ্ব চ্যাম্পিয়নরা। এই প্রশ্নটাই ইংলিশদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাই শেষ ম্যাচটি জিততে চায় জস বাটলাররা। হোয়াইটওয়াশ এড়াতে তাদের জিততেই।
এনবিএস/ওডে/সি