আইসিসির কভার ফটোতে বাংলাদেশ
গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে কোনো জয় ছিল না বাংলাদেশের। সিরিজের আগে একটি মাত্র টি-টোয়েন্টিতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। সেই ম্যাচে ইংলিশদের কাছে বড় ব্যবধানে হেরে ছিলো টাইগাররা।
তবে জয়ের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টিতে চমক দেখিয়ে ইংলিশদের বিপক্ষে ম্যাচ জয়, এরপর সিরিজ জয়, সবশেষ ইংলিশদের হোয়াইটওয়াশের লজ্জাতে ডুবিয়েছে সাকিব আল হাসানের দল।
ইংল্যান্ডের বিপক্ষে এমন জয়, যে কোনো বড় দলের জন্যও তো স্বপ্নের মতো! বাংলাদেশ সেই স্বপ্নকে সত্য করেছে। ভালো খেলেই ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়েছে টাইগররা।
বাংলাদেশের এমন অর্জনকে বড় করে দেখছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। তারা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার আর ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজের কভার ফটো বানিয়েছে ৩-০ ব্যবধানে জয়ের পর উদযাপনের ছবিটিকে।
মঙ্গলবার ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে (প্রথম দল অস্ট্রেলিয়া) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে সব কটি ম্যাচে হারানোর কৃতিত্ব গড়লো টাইগাররা।
এনবিএস/ওডে/সি