দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক ওয়ার্নার
গেল বছরের শেষ দিনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ট। আসন্ন আইপিএলেও খেলতে পারছেন না দিল্লি ক্যাপিটালসের এই অধিনায়ক। তার অনুপস্থিতিতে নতুন অধিনায়ককে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেই বেছে নিয়েছে দিল্লি। ফলে সানরাইজার্স হায়দরাবাদের পর এবার দিল্লির হয়ে অধিনায়ক ওয়ার্নারকে পেতে যাচ্ছেন টাইগার ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে ফিজের দারুণ বোলিং ও ওয়ার্নারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অধিনায়ক হিসেবে ওয়ার্নারের নাম ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। দলটির হেড কোচ রিকি পন্টিংয়ের চাওয়াতেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ওপেনারকে বেছে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লির সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলের নামও উঠে এসেছিল। আইপিএলে গত আসরে অধিনায়ক পান্টের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করা অভিজ্ঞ অধিনায়ক ওয়ার্নারের ওপরই আস্থা রেখেছে দিল্লি।
নেতৃত্ব পেয়ে ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘রিশাভ দিল্লি ক্যাপিটালসের একজন অসাধারণ অধিনায়ক। আমরা সবাই ওকে মিস করব। আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে তার জন্য আমি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিভাবান সব প্লেয়ারদের নেতৃত্বের দায়িত্ব পাওয়ায় আমি খুবই উচ্ছ্বসিত।’
আইপিএলে সব মিলিয়ে মোট ৬৯টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ওয়ার্নার। যার মধ্যে ৩৫টি ম্যাচে জিতেছেন তিনি, হেরেছেন ৩২ ম্যাচে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি।
এনবিএস/ওডে/সি