করিম বেনজেমার অধ্যায় শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদে
ফরাসি ফুটবলার করিম বেনজেমার সঙ্গে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সম্পর্কটা এক যুগেরও বেশি সময়ের। মাদ্রিদের ইতিহাসের অনেক ঐতিহাসিক জয়ের সাক্ষী বেনজেমা। শুধু তাই নয়, স্প্যানিশ ক্লাবটির ইতিহাসের সঙ্গেও জড়িত ফরাসি এই ফুটবলার। তবে এবার হয়তো রিয়াল মাদ্রিদে শেষ হচ্ছে বেনজেমার অধ্যায়। আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবে দেখা যেতে পারে তারকা এই ফুটবলারকে।
চলতি মৌসুম শেষে মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে বেনজেমার। করিম বেনজেমা দীর্ঘ ১৪ বছর ধরে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। দীর্ঘ সময়ের এই ক্যারিয়ারে রিয়ালের অনেক শিরোপারও সাক্ষী হয়েছিলেন তিনি। গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে সিরি আ'তে দেখা যেতে পারে ফরাসি এই ফুটবলারকে। -
ইতালির ক্লাব রোমা নজর রাখছে বেনজেমার উপর। রিয়াল মাদ্রিদের সঙ্গে বেনজেমা যদি নতুন করে চুক্তি না করে সেক্ষেত্রে তাকে দলে ভেড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে ইতালিয়ান ক্লাবটি। রোমা ছাড়াও বেনজেমার প্রতি নজর রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও।
২০০৯ সালের ১ জুলাই করিম বেনজেমাকে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিও থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। তারপর অবশ্য কয়েক দফায় তার সাথে চুক্তি নবায়ন করে লস ব্লাঙ্কোসরা। ২০২১ সালে ২০২৩ পর্যন্ত ১ বিলিয়ন ইউরোতে চুক্তি নবায়ন করেছিল রিয়াল। চলতি বছরের জুনেই শেষ হবে সেই চুক্তির মেয়াদ।
এনবিএস/ওডে/সি