কার্লো আনচেলত্তি কখনোই বার্সেলোনার কোচ হতে চান না

কার্লো আনচেলত্তি একজন অভিজ্ঞ কোচ। তার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ পর্যায়ের কয়েকটি ক্লাবে কাজ করেছেন। তবে রিয়াল মাদ্রিদের প্রতি আলাদা ভালোলাগার কথা বিভিন্ন সময়ে বলেছেন তিনি। সেই অনুভূতির জায়গা থেকেই এই ইতালিয়ান এবার বললেন, মাদ্রিদের ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের কারণে তার পক্ষে কখনও বার্সেলোনার কোচ হওয়া সম্ভব নয়।

২০১৩ সালে প্রথম দফায় রিয়ালের কোচ হন আনচেলত্তি। তার অভিষেক মৌসুমেই দীর্ঘ প্রতীক্ষা শেষে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা (লা দেসিমা) জেতে মাদ্রিদের দলটি। দুই মৌসুম দায়িত্ব পালনের পর তাকে অবশ্য সরিয়ে দেওয়া হয়। এরপর গত মৌসুমের শুরুতে আবার ফেরেন চেনা ঠিকানায়। এই মেয়াদেও শুরুর মৌসুমে দলকে ইউরোপ সেরার ট্রফি জেতান তিনি। তার কোচিংয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা সহ কয়েকটি শিরোপা জিতেছে রিয়াল।

রিয়ালের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন আনচেলত্তি। তবে সাবেক এসি মিলান, চেলসি ও পিএসজির এই কোচের ভবিষ্যৎ নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

নিজের পরবর্তী গন্তব্য নিয়ে সংশয় থাকলেও একটা জায়গায় আনচেলত্তি নিশ্চিত, আর সেটা হলো কখনও বার্সেলোনার কোচ হবেন না তিনি।

এনবিএস/ওডে/সি

Walton Ads