আইপিএলে ম্যাচ না খেলেও মুস্তাফিজ চুক্তির পুরো টাকা পাবেন

দিল্লি ক্যাপিটালসের চলতি আইপিএলে দুঃসময় যেন শেষ হচ্ছে না। দলে তারকা ক্রিকেটারের পাশাপাশি ডাগআউটেও রয়েছে বড় সব নাম। সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, শেন ওয়াটসনের মতো তারকা ক্রিকেটাররা দলটির সঙ্গে থাকলেও জয়ের দেখা পাচ্ছে না দিল্লি। দলটিতে প্রথম ম্যাচ থেকেই রয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও একটি ম্যাচেও একাদশে সুযোগ পাননি তিনি।

ইতোমধ্যেই এবারের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। ‘ফ্যামিলি ইর্মাজেন্সি’র কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে, লিটন দাসও এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে কেবল মুস্তাফিজই শুরু থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

এবারের আইপিএলটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বেশ হতাশার। কারণ, এখন অবধি চলতি আসরে কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশি ক্রিকেটারের। তিন ম্যাচের একটিতেও মুস্তাফিজ একাদশে সুযোগ না পাওয়ায় অনেকের মনেই প্রশ্ন জাগছে, পুরো আসরেই যদি মুস্তাফিজ এভাবে সাইডবেঞ্চে বসে থাকেন তবে তিনি পুরো পারিশ্রমিক পাবেন কিনা।

আইপিএলের প্লেয়ার্স কন্ট্রাক্ট অনুযায়ী, কোনো ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করলে সেই ক্রিকেটার যদি পুরো মৌসুমে একটি ম্যাচও না খেলে এবং দলের সঙ্গে থাকে সেক্ষেত্রে চুক্তির পূর্ণ অর্থই পাবেন। অর্থাৎ, মুস্তাফিজ যদি পুরো আসরে কোনো ম্যাচ নাও খেলেন তিনি পুরো ২ কোটি রুপিই পাবেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads