যুব হকি দলের ভারত সফর নিয়ে ধোঁয়াশা
জুনিয়র এশিয়া কাপে বড় লক্ষ্য নিয়েই ওমানে খেলতে যাবে বাংলাদেশ যুব হকি দল। সেরা চার দলের মধ্য থেকে যুব বিশ্বকাপের টিকিট কাটারও স্বপ্ন আমিরুল-রাকিবদের। মে মাসে অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্রস্তুতিতে ২৬ দিনের জন্য ভারত সফরও করার কথা দলটির। কিন্তু সেই সফর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
খেলোয়াড়রা জানেন না কবে তাঁরা ভারত যাবেন। রাকিব হাসান রোববার বলেন, সোমবার আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হচ্ছে না। মনে হয় সফরটা পিছিয়ে গেছে। দলের সমন্বয়ক মাহবুব এহসান রানা বলেছেন জটিলতার কথা, আমাদের জিও (সরকারি আদেশ) পেতে কিছুটা দেরি হয়ে গেছে। আমরা ভিসার জন্য আবেদন করছি। তবে ভারতের ভিসা পেতে তো সময় লাগে। ১৫ দিনও লেগে যায়। সে ক্ষেত্রে সফরটা একটু পিছিয়েই যাবে। আমাদের ১৫টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা, হয়তো ১০টি খেলব।
এই সফরের সরকারি অনুমোদন চাওয়া নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে নেতিবাচক খবর হয়েছে। সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের পরিবারের সদস্যরাও আছেন সেই তালিকায়। গুঞ্জন আছে, বিষয়টি সংবাদমাধ্যমে আসায় তিনি নাকি এই সফরে আর অর্থ দিতে চাইছেন না। তবে জাতীয় দলের সমন্বয়ক রানা জানিয়েছেন, তেমন কিছু নয়।
এনবিএস/ওডে/সি