যুববিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জিততে চান হৃদয়
যুব বিশ্বকাপজয়ী দলটাই ধীরে ধীরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভরসার প্রতিক হয়ে উঠেছে। একে একে পাঁচজন ক্রিকেটার এরই মধ্যে ডাক পেয়েছেন মূল দলে। বয়সভিত্তিক দল থেকে একসঙ্গে খেলায় মূল দলে মানিয়ে নেয়ার কাজটা সহজ হবে বলে মনে করেন তাওহীদ হৃদয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা এ ক্রিকেটারের লক্ষ্য এবার মূল দলের হয়ে বিশ্বকাপ জয়।
বয়সভিত্তিক দলের পর জাতীয় দলের ড্রেসিং রুম। যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের জন্য যাকে বলা চলে এক ধরনের মিলনমেলা। সে দলের অন্যতম তারকা তাওহীদ হৃদয় মনে করেন, একসঙ্গে লম্বা সময় খেলার কারণে জাতীয় দলে মানিয়ে নেয়াটা সহজ হবে তাদের জন্যে।
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ঘরোয়া লিগেও একসঙ্গে খেলা হয়েছে। আমরা প্রত্যেকে প্রত্যেককে জানি। সবাই খুবই হেল্পফুল। ড্রেসিংরুমে আমরা একে ওপরের কাছ থেকে যখন সমর্থন পাই সেটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়।
সব ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপ জয়ী দলের ৪ ক্রিকেটারের অভিষেক ঘটেছে জাতীয় দলের হয়ে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য ডাক পেয়েছেন মৃত্যুঞ্জয়। নামের প্রতি সুবিচার করতে পারলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মূল স্কোয়াডে দেখা যেতে পারে অন্তত ৩ কিংবা ৪ ক্রিকেটারকে।
হৃদয় বলেন, এখন আমাদের সবার উপর প্রত্যাশা আছে। আমি মনে করি যে শুধু আমরা না, আমাদের নিচে থেকে বা উপরে যারা সিনিয়র খেলোয়াড় আছে , প্রত্যেকের সক্ষমতা আছে দেশের জন্য ভালো কিছু করার। আমি মনে করি যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের হয়ে একদিন বিশ্বকাপ নিয়ে আসব।
এনবিএস/ওডে/সি