ওয়েস্টহ্যামের বিপক্ষে ড্র করায় শিরোপার জয়ের কঠিন সমীকরণের সামনে আর্সেনাল

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপার খুব কাছেই ছিলো আর্সেনাল। তবে শেষ দুই ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট হারিয়েছে ক্লাবটি।  দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান ছিল। কিন্তু টানা দুই ম্যাচ ড্র করে এখন সেই ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনার সম্ভাবনা তৈরি করেছে। এতে শিরোপা জয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্সেনাল।

রোববার রাতে ১০ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও শেষ পর্যন্ত ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গানাররা। আগের ম্যাচেও লিভারপুলের বিপক্ষে ২ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিলো তারা।

ওয়েস্টহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৪। এক ম্যাচ কম খেলে, অর্থ্যাৎ ৩০ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭০। সিটি যদি পরের ম্যাচ জিতে যায়, তাহলে সমান ৩১ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৭৩। সে ক্ষেত্রে আর্সেনালের সঙ্গে ব্যবধান দাঁড়াবে মাত্র ১ পয়েন্টের। ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ।

ওয়েস্টহ্যামের সঙ্গে এই ড্রয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমে উঠেছে। আগের দুই ম্যাচের মত আর একটি ম্যাচে হোঁচট খেলেই পেছনে পড়ে যাবে আর্সেনাল।

ম্যাচের সপ্তম মিনিটেই পায়ের আলতো ছোঁয়ায় ওয়েস্টহ্যামের জালে বল জড়িয়ে দেন গ্যাব্রিয়েল হেসুস। এর মাত্র তিন মিনিট পরই মার্টিন ওডেগার্ড দুর্দান্ত এক ভলিতে গোল করে আর্সেনালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

এরপর ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে সাইদ বেনরাহমান গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর ৫৪তম মিনিটে গোল করে জ্যারড বোয়েন। ২-২ গোল সমতা ফিরে আসে ম্যাচে।  শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে দুই দল।

এনবিএস/ওডে/সি

Walton Ads