জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের অনুমোদন দিলো আইসিসি
গেল কয়েক বছরে ক্রিকেটে ক্রমশই বেড়ে চলেছে বেটিং কোম্পানির প্রচারণার পরিধি। সেসব প্রচারণায় যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। কদিন আগেও সৌরভ গাঙ্গুলী- রোহিত শর্মাদের মতো তারকারা যুবকদের জুয়ার প্রতি আকৃষ্ট করার অভিযোগে মামলার শিকার হয়েছেন। যা নিয়ে বিতর্কের কমতি নেই। এমন সময় বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ গুলোর জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে । তবে আইসিসির টুর্নামেন্টে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখছে আইসিসি।
সবশেষ নভেম্বরে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো আইসিসিকে। যদিও সেই সময় প্রস্তাবটি প্রত্যাখান করেছিলো। তবে মার্চে দুবাইয়ে হওয়া বৈঠকে আইসিসি সম্মতি দেয় বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে।
প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সম্পাদক ক্লাইভ হিচকক বিধি-নিষেধ তুলে নিতে রাজি হওয়ায় এপ্রিল থেকে এটি কার্যকর করা হয়েছে। আইসিসি অনুমতি দিলেও জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এছাড়া বেটিং কোম্পানির বিজ্ঞাপনে ম্যাককালামের উপস্থিতি ইসিবির দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘন করেছে কিনা সেটাই তদন্ত করবে দেশটির ক্রিকেট বোর্ড। এই ধারায় ম্যাককালামের বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তাকে এক বছর বাইরে থাকতে হতে পারে। গত সপ্তাহে নিউজিল্যান্ডের প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশন (পিজিএফ) দেশটির ডিপার্টমেন্ট অব ইন্টারনাল অ্যাফেয়ার্সে (ডিআইএ) একটি অভিযোগ দায়ের করে।
এর আগে বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করে জাতীয় রেডিও স্টেশনের ধারাভাষ্যের চাকরি হারিয়েছেন মিচেল জনসন। যে কারণে গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজে এবিসি রেডিওর হয়ে ধারাভাষ্য দিতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
এদিকে ইংল্যান্ডের মতো জার্সিতে বেটিং কোম্পানির লোগো নাও ব্যবহার করতে পারে বাংলাদেশ। কারণ জুয়া বাংলাদেশ সরকারের আইন পরিপন্থী। যে কারণে বেট উইনারের সঙ্গে চুক্তি করে শেষ পর্যন্ত তা বাতিল করতে হয়েছিলো সাকিব আল হাসান। সেসময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা কোনো জুয়া কোম্পানির সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় না।
এনবিএস/ওডে/সি