পাকিস্তান হকি দলকে আমন্ত্রণ জানালো ভারত
চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল পাঠাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বিশ্বকাপে দল পাঠানো নির্ভর করছে এশিয়া কাপে ভারতের অংশগ্রহণের উপর। তবে তার আগে পাকিস্তানের অন্য একটি দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।
চলতি বছরের আগস্টে চেন্নাইয়ে বসতে চলেছে এশীয় হকির সবচেয়ে বড় আসর। সেই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য পাকিস্তানের জাতীয় হকি দলকে আমন্ত্রণ জানিয়েছে হকি ইন্ডিয়া। প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানসহ ছয়টি দেশ অংশগ্রহণ করবে।
১৫ বছর পর চেন্নাইয়ে হচ্ছে বড় মাপের আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা। আগামী ৩ আগস্ট থেকে ১২ অগস্ট হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রতিযোগিতায় পাকিস্তানকে খেলতে দেয়ার জন্য আগেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন ভারতের হকি কর্তারা।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান এবং চীনের। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংহ জানিয়েছেন, প্রতিটি দেশকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
পাকিস্তান দল যাতে নিশ্চিন্তে ভারতে খেলতে আসতে পারে, তা নিশ্চিত করতে চাইছেন ভারতের হকি কর্তারা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ নয়। বহুদলীয় প্রতিযোগিতা। এমন ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে ভারত-পাকিস্তানের জাতীয় দলের অংশগ্রহণের ক্ষেত্রে নীতিগত আপত্তি নেই কেন্দ্রের।
পাকিস্তানের হকি খেলোয়াড় এবং দলের অন্য সদস্যদের ভিসা পেতে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছে হকি ইন্ডিয়া। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ বলেন, এটা কোনো নতুন প্রতিযোগিতা নয়। এশিয়ার সেরা ছ’টি দল অংশগ্রহণ করে। তাই পাকিস্তানের ব্যাপারে অনুমতি পেতে অসুবিধা হওয়ার কথা নয়।
এনবিএস/ওডে/সি