কাল মুখোমুখি হচ্ছেন মোস্তাফিজ ও লিটন দাস!
বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান নেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তবে আছেন বাংলাদেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমান এবং উইকেটকিপার কাম লাল-সবুজের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস। আইপিএলে আগামীকাল বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মোস্তাফিজের দিল্লি ক্যাপিট্যালস ও লিটনের কলকাতা নাইট রাইডার্স।
দিল্লির নিজস্ব ভেন্যুতে বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার সঙ্গে তাদের ম্যাচটা মাঠে গড়াবে। ‘কাটারমাস্টার’ মোস্তাফিজ এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে খেলেছেন দিল্লির হয়ে। আর লিটন এখন পর্যন্ত কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। অথচ এই লিটন এখন বাংলাদেশের তিন ফরম্যাটেই সেরা ব্যাটার।
বৃহস্পতিবারের ম্যাচে এই দুই বাংলাদেশী তারকা খেলোয়াড় প্রথম একাদশে থাকবেন কিনা সন্দেহ রয়েছে। কিংবা কেউ একজনও মাঠে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ, আইপিএলের দলগুলো বাংলাদেশী খেলোয়াড়দের বিনা কারণে একাদশের বাইরে রাখে। আগে আমরা সাকিবের বেলায় দেখেছি, দেখেছি মোস্তাফিজের বেলায়। এবারও মোস্তাফিজ আর লিটনের বেলায় এখন পর্যন্ত সেটাই দেখা গেছে।
বাংলাদেশের দর্শকরা চায় লিটন ও মোস্তাফিজ মাঠে নামুক। তবে তাদের সে আশা পূরণ হবে কিনা তা বৃহস্পতিবার কলকাতা ও দিল্লির ম্যাচের টসের পরই বোঝা যাবে।
কলকাতা এখন পর্যন্ত ৫ ম্যাচে ২টিতে জয়ী হয়েছে এবং বাকি তিনটিতে পরাজিত হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে বুধবারের ম্যাচ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ছিল সপ্তম স্থানে। আর দিল্লি ৫ ম্যাচের সবগুলোতেই পরাজিত হয়ে ‘শুন্য’ পয়েন্ট নিয়ে সবার নীচে অর্থাৎ দশম স্থানে অবস্থান করছে।
এনবিএস/ওডে/সি