টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয আসরের ফাইনালে আগামী ৭ জুন ওভালে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এরপর ১৬ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই দুই আসরকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শক্তিশালী ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে লড়তে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড দলে ফিরিয়েছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্কাস হ্যারিস ও জশ ইংলিশ।

প্রায় সাড়ে তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে সুযোগ পেয়েছেন মার্শ। ক্যামেরুন গ্রিনের সঙ্গে দলে অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে মার্শকে। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডে ৪টি সেঞ্চুরিতে সর্বোচ্চ ৯৪৫ রান করেও দলে সুযোগ পাননি  ব্যাটার ক্যামেরুন বেনক্রফট। এমনকি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে দলে সুযোগ পাননি পেসার মাইকেল নেসার।

এছাড়াও দলে ফিরেছেন শিল্ডে ২টি সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার হয়ে ৬০১ রান করা হ্যারিস। গেল বছরের অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট খেলেন ৩০ বছর বয়সী এ ব্যাটার। ওয়ার্নার ও উসমান খাজার পর বিকল্প ওপেনার হিসেবে নেওয়া হয়েছে হ্যারিসকে।

সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন স্পিনার টড মারফি। ভারতের অভিষেক সিরিজে চার টেস্ট খেলে ১৪ উইকেট নেন তিনি। অভিজ্ঞ নাথান লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে আছেন মারফি।

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরছেন পেসার জশ হ্যাজেলউড। অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে পেস আক্রমনে থাকবেন হ্যাজেলউড।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, টড মারফি, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।

এনবিএস/ওডে/সি

Walton Ads