জুনে ঢাকায় আসছে না বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা
ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়ন লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। গতবছর ডিসেম্বরে কাতারে বিশ্বকাপের শিরোপা জিতেছিলো লে আলবিসেলেস্তেরা। তাই আগামী ১২-২০ জুন ফিফা উইন্ডোতে লিওনেল মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা করছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই সময়ে ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের ঢাকায় আসা হচ্ছে না।
গত জানুয়ারিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (আফা) সঙ্গে আলোচনায় বসেছিল বাফুফে। তখন এই আলোচনার বেশ অগ্রগতি হলেও শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (আফা) জুনে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
এই ঘটনা আনুষ্ঠানিকভাবে জানার পর আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন থেকেও বাফুফেকে কিছু জানায়নি। এমনকি আর্জেন্টাইন মিডিয়াতেও এই সংক্রান্ত কোনো খবর আসেনি। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জুনে ঢাকায় মেসিদের আনতে না পারার কারণ খোলাসা করেছেন।
সালাউদ্দিন বলেন, উভয়পক্ষ (দুই ফেডারেশন) চুক্তি করার পর্যায়ে ছিলাম। আমাদের স্টেডিয়ামের (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সংস্কার কাজ চলছে। এই পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের আনা সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন, আমাদের একটা চেষ্টা ছিল বিশ্বচ্যাম্পিয়ন দল প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে আসুক। আর্জেন্টিনাও বাংলাদেশে আসার জন্য যথেষ্ট আগ্রহী ছিল। স্টেডিয়াম নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ কাজ করছে। এটি পরিপূর্ণ করতে তাদের আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে।
জুনের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চেয়েছিল। কিন্তু স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় সেই প্রতিনিধি দলকেও আসার আমন্ত্রণ জানাতে পারেনি বাফুফে। তবে ঈদের ছুটির পর আনুষ্ঠানিকভাবে জুন উইন্ডোতে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন।
এনবিএস/ওডে/সি