নিউজিল্যান্ডকে হারিয়ে আফ্রিদির ডিনার পার্টিতে পাক ক্রিকেটাররা

ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। এতে দীর্ঘ এক যুগ পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে পাকিস্তান। এ খুশিতে পাকিস্তানের ক্রিকেটারদের সম্মানে জমকালো এক ডিনার পার্টির আয়োজন করেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৬ রানে নিউজিল্যান্ডকে হারানোর পরের দিন বৃহস্পতিবার আফ্রিদির করাচি বাসভবনে ওই ডিনার পার্টির আয়োজন করা হয়।

ডিনারের পর তোলা গ্রুপ ছবিতে শহিদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদি, ইহসানুল্লাহ, মো. হারিস, নাসিম শাহ, ফখর জামান, ইফতিখার আহমেদসহ পাকিস্তানের টিমের কোচিং স্টাফদের দেখা গেলেও সেখানে বিজয়ী দলের অধিনায়ক বাবর আজমকে দেখা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে গ্রুপ ছবি পোস্ট করে শহিদ আফ্রিদি লিখেছেন, পাকিস্তানের বীরদের জন্য ডিনার পার্টির আয়োজন করতে পেরে আমি গর্বিত। তাদের সবার জন্য আল্লাহর দরবারে আমি প্রার্থনা করি, আগামী ম্যাচগুলোও যাতে এভাবে জয়ী হতে পারে।

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি বলেছিলেন, শহিদ আফ্রিদির নেতৃত্বে অন্তর্র্বতী নির্বাচন কমিটি বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলো। আফ্রিদির দাওয়াতে পাকিস্তান অধিনায়কের অনুপস্থিতিকে সেই বক্তব্যের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে চাইছে সমালোচকরা।

এনবিএস/ওডে/সি

Walton Ads