বিশ্বকাপ পরিকল্পনায় আছেন মাহমুদুল্লাহ: তামিম ইকবাল
চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে কেন্দ্র করে টাইগারদের খেলোয়ারদের পুল বাঁড়াতে নতুনদের সুযোগ দিচ্ছে বিসিবি। মাহমুুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারকে আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ দিয়েছে ক্রিকেট বোর্ড।
এরপর আফিফ হোসেন বাদ পড়ার পর থেকেই বিশ্বকাপ দল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা এই দুই ক্রিকেটারেরই সুযোগ দেখছেন তামিম ইকবাল। রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেন টাইগার অধিনায়ক।
রিয়াদ বিশ্বকাপ পরিকল্পনায় আছেন কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা)। কিন্তু আমার মনে হয় না...তিনি অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন। শুধু উনি না, এই মুহূর্তে যে দলে নেই প্রিমিয়ার লিগে ভালো করছে। আমরা ওদের নিয়ে অবশ্যই কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য সেরা যেটা হবে সেটাই করবে।
তিনি আরো বলেন, একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আমরা এশিয়া কাপ খেলবো। ওই যে স্কোয়াডটা আমরা করবো, অনেকটা সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড; যদি কেউ চরমভাবে ব্যর্থ হয় অথবা ইনজুরিতে না পড়ে। তাছাড়া আমার মনে হয় না কোনো পার্থক্য হবে। এই সিরিজ, হয়তো পরের সিরিজ এগুলোতে যতটুকু মানুষকে দেখা নতুন করে কিছু সুযোগ দেওয়া। এই সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি।
শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে উপরে ব্যাটিং করিয়েছি। আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো দু-একটা সিরিজ যেকোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে।
এনবিএস/ওডে/সি