ডে ব্রুইনের গোলে রিয়ালের মাঠে ড্র করলো ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে মঙ্গলবার দিবাগত রাতে চিরপ্রতিদ্বন্দী রিয়ালের ঘরের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে রিয়ালকে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সিটিকে হার থেকে রক্ষা করেন কেভিন ডে ব্রুইনের।

সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নেমে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে সফরকারীরা। অষ্টম মিনিটেই  রিয়ালকে আক্রমণ করে সিটিজেনরা। ডান দিক থেকে আক্রমণে গিয়ে কেভিন  ডে ব্রুইনকে খুঁজে নেন সিলভা। বল পেয়ে দারুণ শট নেন বেলজিয়ান তারকা। তবে রিয়াল গোলবারে অপ্রতিরোধ্য থিবো কোর্তোয়া, পা দিয়ে ঠেকিয়ে দেন শট ।

তবে একের পর এক আক্রমণ করতে থাকে গার্দিওয়ালার শীর্ষরা। বিপরীতে সুযোগ পেয়ে নিজেদের ভয়ঙ্কর রূপ দেখাতে ভুল করেনি রিয়াল মাদ্রিদ। ২৫তম মিনিটে সেটিই দেখাল তারা। বেনজেমাকে লক্ষ্য করে বক্সে বল বাড়ান ভিনিসিয়ুস। ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শট অবশ্য এই যাত্রায় ঠেকিয়ে দেন রুবেন দিয়াস।

৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের বাইরে ভিনিসিয়ুসকে খুঁজে নেন কামাভিঙ্গা। চোখধাধাঁনো শটে বল জালে পাঠাতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লাফিয়েও নাগাল পাননি সিটি গোলরক্ষক এন্ডারসন মোয়ারেস। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। ৫২তম মিনিটে ডান দিক থেকে ডি ব্রুইনার দুর্দান্ত শট আবারো  ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে কিছুক্ষণ পর ঠিকই সমতায় ফেরে সফরকারীরা। ৬৭তম মিনিটে গুনদোয়ানের বাড়িয়ে দেওয়া বল বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জালে পাঠান ডে ব্রুইন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি রিয়ালের। বক্সের বাইরে থেকে নেওয়া চুয়ামেনির দুর্দান্ত শট ঠেকিয়ে এন্ডারসন ।

ফিরতি লেগে আগামী বুধবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

এনবিএস/ওডে/সি

Walton Ads