রোম টেনিস থেকে বেলারুশ তারকা সাবালেঙ্কার বিদায়
রোম টেনিস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় বেলারুশের আরিনা সাবালেঙ্কা। বিশ্বের ১৩৪ নম্বর খেলোয়াড় সোফিয়া কেনিন সরাসরি ৭-৬ ও ৬-২ সেটে হারিয়ে দেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে।
সাবালেঙ্কা ছাড়াও তৃতীয় বাছাই জেসিকা পাগুলোও হেরে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকাকে তার স্বদেশী টেইলর টাউনসেন্ড ৬-২, ৩-৬ ও ৬-৩ সেটে পরাজিত করেন। টাউনসেন্ড বিশ্বের ১৬৮ নম্বর খেলোয়াড়।
সাবালেঙ্কা ও জেসিকার মতো তারকা খেলোয়াড় হেরে গেলেও জয় পেয়েছেন কোকো গফ ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। গত বছরের ফ্রান্স ওপেনের শিরোপা জয়ী ১৯ বছরের তরুণী যুক্তরাষ্ট্রের গফ মাত্র ১ ঘন্টার লড়াইয়ে ৬-০ ও ৬-১ সেটে কাজাখস্তানের ইয়ালিনা পুতিনসিবাকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছেন। আর বিশ্বের ১৭ নম্বর খেলোয়াড় বেলারুশের আজারেঙ্কা ৬-৪ ও ৬-৩ সেটে স্টিফানি স্লোনিকে হারিয়ে দেন।
সাবালেঙ্কা গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় পোল্যান্ডের ইগা শিয়াতেককে হারিয়ে। কিন্তু ফ্রান্স ওপেনের প্রাকটিসটা তার ভালো হলো না ইতালির টুর্নামেন্ট থেকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়ে। আগামী ২৮ মে শুরু হবে গ্রান্ড স্লাম আসর ফ্রান্স ওপেন।
এনবিএস/ওডে/সি