দুর্বল চট্টগ্রাম আবাহনীর কাছে হারলো ঢাকা আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছে দুর্বল চট্টগ্রাম আবাহনী ।
শুক্রবার মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবল খেলে চট্টগ্রাম আবাহনী। ফলে ৬ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইফেগো ডেভিড। ১৮ মিনিটে কলিনদ্রেসের কর্নারে দারুণ হেডে ঢাকা আবাহনীর হয়ে সমতা আনেন ইউসেফ মোহাম্মদ। ৩৫ মিনিটে চট্টগ্রাম আবাহনী আবারো এগিয়ে যায়। মোহাম্মদ রকির ফ্রি কিকে ইকবাল হোসেন হেডে গোল করেন। পাঁচ মিনিট পর চট্টগ্রামের দলটি ব্যবধান আরও বাড়ায় । লং পাস থেকে বল পেয়ে ইফেগো ডেভিড পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে মুহূর্তে কাটিয়ে লক্ষ্যভেদ করেন।
৬৪ মিনিটে ঢাকা আবাহনী ব্যবধান কমায়। কর্নার থেকে পাওয়া বল আবাহনীর সিরিয়ান ফুটবলার ইউসেফের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। ম্যাচের বাকি সময়টুকু ঢাকার দলটি চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। বন্দরনগরীর দলকে প্রথম পর্বে ৫ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী লিমিটেড।
১৫ ম্যাচে তৃতীয় হারে আগের ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চট্টগ্রামের দলটি এক ম্যাচ কম খেলে দ্বিতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে।
এনবিএস/ওডে/সি