আসেন্সিওর গোলে জয় পেলো রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে ম্যানচেস্টার সিটির মাঠে লড়াইয়ের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। এর আগে লা লিগায় দলের মূল খেলোয়াদের বিশ্রাম দিয়ে গেতাফের বিপক্ষে মাঠে নামে রিয়াল। তারকা শূন্য দলকে পেয়ে জেগে উঠে গেতাফে। তবে শেষ পর্যন্ত মার্কো আসেন্সিওর গোলে সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার (১৩ মে) গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। লিগে সবশেষ চার ম্যাচে এটি কেবল তাদের দ্বিতীয় জয়।
আগামী বুধবার ইংলিশ চ্যাম্পিয়ন সিটির মাঠে খেলবে স্প্যনিশ জায়ান্টরা। এই ম্যাচের আগে করিম বেনজেমা, রদ্রিগো, দানি কারভাহালদের বিশ্রাম দেন আনচেলত্তি। স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে ছিলেন না ভিনিসিউস জুনিয়র, লুকা মদ্রিচ, টনি ক্রুস ও আন্টোনিও রুডিগার।
এদিন শুরু থেকেই রিয়ালের উপর আক্রমণ করে গেতেফে। দ্বিতীয় মিনিটেই স্তেফান মাক্সিমোভিচের শট। ঝাঁপিয়েও নাগাল পেলেন না রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে কোনো বিপদ হয়নি স্বাগতিকদের। বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। প্রথমার্ধে ৭১ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য ছয় শট নিয়ে লক্ষ্য রাখতে পারেনি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। এর মধ্যই ৬৬তম মিনিটে প্রথম সুযোগ পায় গেতাফে। ডি-বক্সের বাইরে থেকে হুয়ান ইগলেসিয়াসের বুলেট গতির শটে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। চার মিনিট পরেই সৌভাগ্যের গোলে এগিয়ে যায় রিয়াল। ডি বক্সের বাইরে থেকে আসেন্সিওর বুলেট গতির শট মাক্সিমোভিচের বুকে লেগে দিক পাল্টে জড়ায় জালে। ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি গেতাফে গোলরক্ষক। বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ৩৪ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বার্সেলোনা।
এনবিএস/ওডে/সি