অধিনায়ক কখনো দলের খারাপ চায় না: সাকিব
গত কয়েক মাস আগে তামিম-সাকিবের সর্ম্পকের দূরত্ব নিয়ে কথা বলেছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন । এরপর তিনটা সিরিজ খেলেছে টাইগাররা। তবে দুই তারকার সর্ম্পকের দৈরত্ব নিয়ে কোনো ধরণের প্রভাব পড়েনি ক্রিকেট মাঠে। ইংল্যান্ডে সিরিজ জয়ের পর সোমবার এক অনুষ্ঠানে অধিনায়ক তামিমের প্রশংসা করতে একটুও কার্পণ্য করেননি সাকিব।
দলগত জয় অধিনায়ক তামিমের পক্ষে কথা বললেও অনেকেই প্রশ্ন তুলছেন এই অভিজ্ঞ ওপেনারের সাম্প্রতিক ফর্ম নিয়ে। বিশেষ করে ওয়ানডেতে, গত কয়েক মাস ধরেই কথা বলছে না তার ব্যাট। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দীর্ঘ ৯ মাস পর হাফ সেঞ্চুরির দেখা পেলেও প্রশ্নবিদ্ধ ছিল তার স্ট্রাইকরেট। ব্যাট হাতে তার এমন ফর্মের কারণেই প্রশ্ন উঠছে তার নেতৃত্ব নিয়েও। তবে তামিমের নেতৃত্বেই আস্থা রাখার পক্ষে মত সাকিবের।
সাকিব বলেন, এগুলো তো সবই প্রাথমিক পর্যায়। এখানে যে ভুলগুলো হচ্ছে কিংবা যে ভালো জিনিসগুলো হচ্ছে এসবই বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে ঠিক হওয়া শুরু হবে। আমাদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও নেই। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক এসব চিহিৃত করে। তারা খুবই ভালো চিন্তা করে যে কোন জায়গাতে আরো ভালো করলে আরো একটু ভালো হতো। আমি নিশ্চিত কখনই কোনো দলের নেতা, দেশের প্রধান দেশের জন্য বা দলের জন্য খারাপ চায় না। তাদের ইন্টেনশন কখনই খারাপ থাকে না। সিদ্ধান্ত ঠিক, ভুল সবই হতে পারে।
বিশ্বকাপের প্রসঙ্গে সাকিব বলেন, আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সবসময় ফেয়ার থাকে। সব দলের জন্যই ব্যাপারগুলো একই রকম। আমাদের সবকিছুই ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সবশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল সামান্য কিছু কারণে হয়ত সফল হতে পারিনি। আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্যান্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, আমাদেরকেও উন্নতি করতে হবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে।
এনবিএস/ওডে/সি