ক্রিকেটে আসার পর থেকে সবাই আমাকে রাগী বলেন: পাপন
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে উৎসবমুখর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজা। শনিবার সংগঠনটির নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে। সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে থেকে গেছেন দেবব্রত পাল। কোয়াবের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় ব্যক্তিগত একটি প্রসঙ্গ টানেন তিনি।
পাপন বলেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত আপনারা সবাই জানেন। কিন্তু ক্রিকেট আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। সবাই এখন অভিযোগ শুরু করেছে, ফ্যামিলি থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর কথাই বলে না বলতে গেলে।
কোনো একটা প্রোগ্রাম হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো- আমার স্ত্রী সরাসরি বলে দেয় আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এই হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও অনেক সময় দিতে হয়। এরকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।
তিনি আরো বলেন, আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি আর বলে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম সবার খুব অনুরোধ আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সবাই দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে। আমি বললাম কী ব্যাপার, আমার আশেপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে আসছি বলে আমরা ভয় পাচ্ছিলাম আপনি অনেক রাগী। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো। আমি তো সবার সঙ্গে খুব কাছে থেকে মিশি।
এনবিএস/ওডে/সি