উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করলো আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে স্বপ্নের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। এবার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে সপ্তম শিরোপা জয়ের মিশন শুরু করেছে আর্জেন্টিনার যুবারা। আর তাতে প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে আসরের শুভসূচনা করলো আর্জেন্টিনা।

শনিবার রাতে বাংলাদেশ সময় রাত ৩টায় ঘরের মাঠে এ টুর্নামেন্টের ২৩তম আসরে খেলতে নামে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। খেলা শুরুর পর কোনো দলই খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। এদিকে দশ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন ফুটবলার অগাস্টন গিয়ায়। গোলের দেখা পেতে চেষ্টা চালিয়ে যেতে থাকে দুদলই। ১৪ মিনিটের মাথায় আলবিলেসেস্তাদের রক্ষণের ভুলে গোলের দেখা প্রায় পেয়েও গিয়েছিল উজবেকিস্তান। কিন্তু খলদরকনভের নেওয়া শট গোল বারের ওপর দিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টাইন যুবারা।   

এ যাত্রায় আশা বঞ্চিত হলেও গোলের দেখা পেতে খুব একটা দেরি হয়নি উজবেক যুবাদের। ম্যাচের ২৩ মিনিটে মাখমুদজন মাখমাদনভের নেওয়া বা পায়ের জোরালো শট আলবিসেলেস্তে গোলরক্ষকের হাতে লেগে জালের দেখা পেয়ে যায়। এদিকে এক গোলে পিছিয়ে পড়ে খেলার গতি বাড়ায় আর্জেন্টাইন যুবারা। ২৭তম মিনিটে অগাস্টিন গিয়ায়ের বাড়িয়ে দেওয়া বল ডিবক্সের ভেতরে থেকে হেড করেন আলেহো ভেলিজ, আর্জেন্টিনাও পেয়ে যায় তাদের প্রথম গোলের দেখা।  

সমতায় ফেরার পর দুই দলই লিড নিতে মরিয়া হয়ে ওঠে। ৪১তম মিনিটে ভেলেন্টিন কার্বোনির বা পায়ের শটে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। প্রধমার্ধে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নিজেদের আরো নতুন ভাবে চেনায় স্বাগতিকরা। তবে  ৬১ মিনিটে আবারও সুযোগ এলেও ব্যর্থ হন অগাস্টিন গিয়ায়। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত আরও কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা আর পায়নি তারা। এদিকে সমতায় ফেরার লক্ষ্যে উজবেক যুবারাও মরিয়া হয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারাও। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে আর্জেন্টিনা।

এনবিএস/ওডে/সি

Walton Ads