রিয়াল মাদ্রিদেই থাকছেন আনচেলত্তি
লা লিগায় ব্যর্থ এক মৌসুম কাটালেন রিয়াল কোচ আনচেলত্তি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও বাজেভাবে হেরেছে তার শিষ্যরা। বড় দুটি শিরোপা হাতছাড়া হলেও চলতি মৌসুমে রিয়ালের সম্বল হয়ে থাকল শুধু কাপা দেল রে'র শিরোপা।
তাই প্রশ্ন উঠেছিল রিয়ালে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও গুঞ্জন ছিল, ব্রাজিলের কোচ হতে পারেন ইতালিয়ান এই বস। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েই আনচেলত্তি জানালেন, চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গেই থাকবেন তিনি।
এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে প্রশ্ন করতেই বিরক্ত আনচেলত্তি বলেন, সবাই খুব ভালো করেই আমার পরিস্থিতি জানে। ২০২৪ মৌসুমের শেষ পর্যন্ত আমার (রিয়ালের সঙ্গে) চুক্তি আছে এবং আমি এখানেই থাকতে চাই।
পরের মৌসুমেও রিয়ালের কোচ থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, পেরেজ ও আমার মধ্যে কথা হয়েছে। তিনি আমার প্রতি সমর্থন জানিয়েছেন। আমরা সিটির বিপক্ষে বুধবার হয়ে যাওয়া ম্যাচটা নিয়ে কথা বলেছি, পরের মৌসুম নিয়েও কথা বলেছি। গত দুই মৌসুম নিয়ে কথা বলেছি। আমরা আরো ভালো করার একই রকম তাড়না নিয়ে এগিয়ে যাব।
রিয়াল মাদ্রিদ তাকে ক্লাবটিতে থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে কি না এমন প্রশ্নে 'হ্যাঁ' উত্তরও দেন আনচেলত্তি। যদিও আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি রিয়াল মাদ্রিদ।
এনবিএস/ওডে/সি