মিরপুর টেস্টে আফগানদের এগিয়ে রাখছেন আকরাম খান
আয়ারল্যান্ড সিরিজের পর ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এর মধ্যে আসন্ন আফগানিস্তান সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে আফগান স্পিনারদের এগিয়ে রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।
রোববার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) মেয়র কাপের উদ্বোধনে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, আফগানরা সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। তাদের অসাধারণ কিছু স্পিনার আছে। রশিদ খান, মুজিব আছে। ওদেরকে খেলা কঠিন। আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে এই দলটির মুখোমুখি হওয়ার আগে অবশ্য বাংলাদেশ শিবিরে বারবারই হানা দিয়ে যাচ্ছে পুরোনো সৃত্মি। নিজেদের মাঠে ধীরগতির নিচু বাউন্সের স্পিন-সহায়ক উইকেট বানিয়ে উল্টো নিজেরাই বিপদে পড়েছিলো স্বাগতিকরা। অথচ নিশ্চিত সাফল্যের আশায় ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একাদশে কোনো বিশেষজ্ঞ পেসার না নিয়েই নেমেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এই সিদ্ধান্ত শুরুতে বাহবা পেলেও ২২৪ রানে হারের ধাক্কায় পরে ভীষণ সমালোচনা হয়।
আকরাম খান আরো বলেন, আমরা যেন স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরও এটা নির্ভর করছে অধিনায়ক এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।
সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে হাতে চোট পান সাকিব। খেলতে পারেননি আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের শঙ্কা রয়েছে আফগানিস্তান সিরিজে না খেলার। সাকিবের অনিশ্চয়তা নিয়ে চিন্তিত আকরাম, সাকিব খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু চোট থাকবেই। এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। আমার মনে হয়, সে থাকলে অবশ্যই শক্তি বাড়তো।
এনবিএস/ওডে/সি