সাফের প্রাথমিক দলে সুযোগ পেলেন মোরসালিন ও সাজ্জাদ
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিলো হাভিয়ের কাবরেরা। কিন্তু সেই দলে এসেছে দুইটি পরিবর্তন। চোটের কারণে এবারের সাফে খেলা হচ্ছে না রাইট ব্যাক সাদ উদ্দিন ও ফরোয়ার্ড মতিন মিয়ার৷ তাদের চোটে কপাল খুলেছে বসুন্ধরা কিংসের তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনের। এই দুই ফুটবলারের নাম যোগ করা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।
বসুন্ধরা কিংসের অনুশীলনে পায়ে চোট পান সাদ উদ্দিন। গত সপ্তাহে পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে। তাতে মাঠের বাইরে থাকতে হচ্ছে বেশ কিছুদিন। আর হাটুর চোটে ভুগছেন মতিন মিয়া। তারও সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে। তাই এই দুইজনের বদলি হিসেবেই মোরসালিন ও সাজ্জাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল করে হৈচৈ ফেলে দিয়েছিলেন শেখ মোরসালিন। এই তরুণ মিডফিল্ডার লোন থেকে ফিরে এ মৌসুম খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে।
কিংসে তারকা ফুটবলারদের ভিড়ে মাঠে নামার তেমন সুযোগ হয়নি তার। লিগে ছয় ম্যাচে খেলেছেন মাত্র ২১৭ মিনিট। করেছেন এক গোল এবং এক অ্যাসিস্ট।
আগামী ৪ জুন থেকে সাফের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এর আগেই ৩৫ থেকে স্কোয়াড নেমে আসবে ২৭ জনে। এরপর ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কাবরেরা। আট দল নিয়ে আগামী ২১ জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি