ম্যানচেস্টার সিটিকে এখনই ইউরোপের বড় শক্তি মনে করেন না কোচ গার্দিওলা
অপেক্ষার প্রহর শেষ। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। প্রথমবার ইউরোপ সেরা হয়েই দলকে ইউরোপের প্রতিষ্ঠিত ক্লাবগুলোর মধ্যে রাখতে চান না কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, ইউরোপের বড় শক্তিতে পরিনত হতে হলে এই সাফল্যের পূণরাবৃত্তি ঘটাতে হবে।
গত দুই মৌসুমে হাতছানি দিয়েও অধরা ছিলো শিরোপা। ২০২১ সালে ফাইনালে তারা হেরে যায় চেলসির কাছে। গত মৌসুমে সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে দুই গোলে এগিয়ে থেকেও ছিটকে পড়ে শেষ কয়েক মিনিটের অবিশ্বাস্য নাটকীয়তায়। তবে আক্ষেপ ঘোচানের অভিযানে মরিয়া দল এবার আর কোনো ভুল করেনি। সেই রিয়ালকেই সেমি-ফাইনালে পর্যদুস্ত করার পর ফাইনালে শনিবার হারায় তারা ইন্টার মিলানকে।
এই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কম প্রশ্ন শুনতে হয়নি গার্দিওলাকে। তাকে কোচ করে আনা হয়েছিল তো মূলত এই ট্রফিতে চোখ রেখেই।
২০০৮ সালে ক্লাবের মালিকানায় বদল আর দলবদলের বাজারে বড় বিনিয়োগের পর প্রিমিয়ার লিগে সাফল্য আসতে থাকে তাদের। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১১-১২ মৌসুমে লিগ জিতে নেয় তারা। পরে এক মৌসুম বিরতি দিয়ে লিগে সেরা হয় আবার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ধরা দিচ্ছিল না। সেই লক্ষ্যেই ২০১৬ সালে দায়িত্ব দেওয়া হয় গার্দিওলাকে।
পরীক্ষিত এই কোচ সিটিকে করে তোলেন ইংলিশ ফুটবলের অপ্রতিরোধ্য শক্তি। সবশেষ ৬ মৌসুমে ৫ বার লিগ জিতে নেয় তারা। কিন্তু ক্লাবের লক্ষ্য তো ইউরোপের সেরা হওয়া। বহু কাক্সিক্ষত সেই ট্রফির ছোঁয়া অবশেষে এবার পেলো তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি