বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

বল মাঠে গড়ানো তো দূরের কথা, মূষলধারে বৃষ্টির জন্য খেলার টসই হয়নি। এসিসি নারী ইমার্জিং টিমস কাপে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। হংকংয়ের মং ককে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পুরোপুরি ভেস্তে গেছে।

আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছিল। এমন শুরুর পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের। বৃষ্টিতে ভেসে গেছে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যেকার গ্রুপের অন্য ম্যাচটিও। আরব আমিরাত নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল।

দুটি করে ম্যাচ শেষে সমান ৩ পয়েন্ট বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল ও হংকং লড়ছে। গ্রুপ পর্ব শেষে দুটি করে দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। ১৯ জুন সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে, ফাইনাল ২১ জুন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads