ইতিহাস গড়ে মিরপুরের উইকেটকে প্রশংসায় ভাসালেন লিটন দাস
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। যা টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড জয়। এছাড়া এই টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক করেন লিটন দাস। নেতৃত্ব পাওয়ার অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন লিটন। দলের এমন দুর্দন্ত পারফরম্যান্সের কারণ হিসেবে মিরপুরের উইকেটকেই আদর্শ মানছেন টাইগার অধিনায়ক। শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন লিটন দাস।
মিরপুর শেরেবাংলার উইকেট নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সেই টিপিক্যাল ঘূর্ণি উইকেটে খেলে দেশের বাইরে পারফর্ম করতে পারছিলেন না সাকিব-তামিমরা। এবার হেড কোচ হাথুরুসিংহের তত্ববধায়নে আফগানিস্তান সিরিজে ঘূর্ণি উইকেটের বদলে তৈরি করা হয় পেস সহায়ক স্পোর্টিং উইকেট। যাতে প্রতিপক্ষের ১৯ উইকেটের মধ্যে বাংলাদেশের পেসাররাই নিয়েছেন ১৪টি এবং স্পিনাররা নিয়েছে বাকি ৫ উইকেট। এছাড়া ও ব্যাটাররাও বড় স্কোর গড়েছেন।
ভবিষ্যতেও এমন উইকেটে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, জিনিসটা হচ্ছে যে, আপনি যদি ফ্ল্যাট উইকেটে খেলে রান করতে পারবেন তা নয়। আবার সিম উইকেটে খেলে রান করতে পারবেন না- সেটাও নয়।
একজন ব্যাটার কী ফোকাসে ব্যাটিং করছে, কী সিদ্ধান্ত নিচ্ছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি ফ্ল্যাট উইকেটেও রান করতে পারেন, আবার পেস উইকেটেও ভালো ডিসিশন নিয়ে বড় রান করতে পারেন। এটা সম্পূর্ণ ব্যক্তিগত। কে কীভাবে অনুশীলন করছে, কে কীভাবে মানসিকভাবে জিনিসটা নিয়ে এগোচ্ছে।
তিনি বলেন, অবশ্যই ভালো উইকেটে খেললে ভালো। আমরা যদি ইভেন উইকেটে খেলি, ইভেন উইকেট বলতে এই উইকেট (মিরপুরের উইকেটকে ইঙ্গিত করে)। এখানে পেসাররাও উইকেট পায়, স্পিনাররাও উইকেট পায়। দুজন স্পিনার দারুণ বল করেছে। এই উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই। এই উইকেটে আমাদের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছে, সেটা তো আমরা ফেইস করিনি। আমাদের ব্যাটাররা সবসময় তাদের ওপর প্রভাব বিস্তার করেছে। ভালো উইকেট মানেই এসব উইকেট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি