বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানে হেরে লজ্জায় ডুবেছে আফগানিস্তান। মিরপুরে ব্যাটে-বলে কোনোটিতেই টাইগারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আফগানরা। তবে টেস্টে হারলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় রশিদ খানরা। ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে রোববার ১৯ সদস্যের শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
টেস্ট সিরিজে না খেলা রশিদ খান ওয়ানডে দলে ফিরেছেন। এছাড়া মোহাম্মদ নবী, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমানদের নিয়ে তৈরি করা হয়েছে তাদের স্কোয়াড। চোটের কারণে রশিদ খান শ্রীলঙ্কাতে দুই ওয়ানডে খেলতে পারেননি। এরপর ঢাকা টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। তবে টাইগারদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় এই লেগ স্পিনার।
আফগানিস্তান ক্রিকেট দল সোমবার বাংলাদেশ ত্যাগ করবে। ঈদের পর পহেলা জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আবার ঢাকায় আসবে। চট্টগ্রামে ৫ জুলাই শুরু হবে প্রথম ওয়ানডে। ৮ ও ১১ জুলাই বন্দরনগরীতেই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
এরপর সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান দল।
আফগানিস্তান স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাঈদ আহমেদ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি