জাতীয় ভারত্তোলন চ্যাম্পিয়ন্সশীপে আবারো রেকর্ড গড়লেন মাবিয়া
জাতীয় ভারত্তোলন মানেই সাফে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্তর রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপেও তার ব্যতিক্রম নয়। ৬৪ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৮১ কেজি তুলে নিজেরই করা আগের রেকর্ড ভেঙেছেন তিনি।
২০১৩ সালের বাংলাদেশ গেমস থেকে মাবিয়া আক্তার সীমান্তের জাতীয় পর্যায়ে স্বর্ণ জয়ের শুরু। এক দশক সেই ধারাই অব্যাহত রয়েছে।
আরেকবার নিজের ইভেন্টে সেরা হয়ে তাই একটু প্রতিক্রিয়াহীনই মাবিয়া, আসলে আমার ইভেন্টে আমিই রেকর্ড গড়ছি আবার ভাঙছি। আমার প্রতিদ্বন্দ্বি সেভাবে উঠে আসছে না। আমি যে ওজন তুলছি তা খুব সহসা কেউ ভাঙতে পারবে বলেও মনে হচ্ছে না।
শনিবার জাতীয় ভারত্তোলন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারী ৬৪ কেজি ওজন শ্রেণীতে সীমান্ত স্ন্যাচে ৮১ এবং ক্লিন এন্ড জার্কে ৯৯ কেজি তুলে মোট ১৮০ কেজি স্কোর করে প্রথম হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিথী রানী ১৩৬ কেজি স্কোর করে দ্বিতীয় হয়েছেন। সীমান্তের সঙ্গে ব্যবধান যোজন যোজন দূরত্বে।
গত এক দশকে জাতীয়-আন্তর্জাতিক অনেক পদকই এনেছেন সীমান্ত। এত প্রাপ্তি হওয়ায় নিজের পদক সংখ্যা সুনির্দিষ্টভাবে জানেন না দেশ সেরা এই ভারত্তোলক, আসলে আমি আমার পদক সেভাবে গুণি না। জাতীয় ও আন্তর্জাতিক সব জায়গাতেই সেরা হওয়ার চেষ্টা করি।
ভারত্তোলনে বয়স ও ওজনের সঙ্গে ইভেন্টও পরিবর্তন হয়। মাবিয়া গত ২০১৪ সাল থেকেই ৬৪ কেজিতে অংশগ্রহণ করছেন। একই ইভেন্ট চালিয়ে যাওয়ার কারণ সম্পর্কে বলেন, এই ওজন শ্রেণীতে আমার দীর্ঘদিন খেলা হয়ে যাচ্ছে। এটাতে আমিও সফল হচ্ছি। ফেডারেশন ও দেশের প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে মাঝে মধ্যে অন্য ওজন শ্রেণীতেও খেলতে হয়। তবে সময়ের প্রয়োজনে আমার এই ইভেন্টও ছাড়তে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি