আল ইত্তিহাদে বেনজেমার সঙ্গী হলেন কান্তে
সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন এনগোলো কান্তে, এমন আলোচনা ছিল অনেক দিন ধরেই। অবশেষে সত্যি হয়েছে তা। চেলসি থেকে তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্তেকে দলে টানার কথা জানায় আল ইত্তিহাদ। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাবটিতে নাম লিখিয়েছেন তিনি। যদিও চুক্তির অঙ্ক নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, বাৎসরিক ৮ কোটি ৬০ লাখ পাউন্ড বেতন পাবেন ৩২ বর্ষী মিডফিল্ডার।
২০১৬ সালে লেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন কান্তে। ব্লুজদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ শিরোপা।
২০২২-২৩ মৌসুমে চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮টি ম্যাচে ছিলেন না চেলসির জার্সিতে।
নতুন গন্তব্যে সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশী করিম বেনজেমাকে। চলতি মাসেই রিয়াল মাদ্রিদ ছেড়ে আল ইত্তিহাদে নাম লেখান ফরাসি ফরোয়ার্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি