বিশ্বকাপের সব ভেন্যুর কন্ডিশন অনুসারে অনুশীলন করবে টাইগাররা: জালাল
আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। গত বুধবার (২৭ জুন) সূচি প্রকাশ করেছে আইসিসি। আসরটিতে ৬ ভেন্যুতে নয়টি ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। সেরা দল এবং ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে অংশ নিবে টাইগাররা। বিশ্বকাপের সূচি প্রকাশের পর এমন মন্তব্য করেন বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপের আগে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে সিরিজ খেলবে, এরপর এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলের মোকাবিলা করবে। এছাড়া দেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে আরো একটি ওয়ানডে সিরিজেও অংশ নেবে। ফলে প্রস্তুতির কথা মাথায় রাখলে বাংলাদেশ বেশ ভালোমতো তৈরি হয়েই বিশ্বকাপ খেলতে ভারত যাবে।
তিনি বলেন, আমাদের প্রস্তুতি ভালো আছে। প্রস্তুতির দিক থেকে আমরা খুব খুশি, সন্তুষ্ট। তার মধ্যে আগাস্টে যে স্কিল ট্রেনিং হবে, অনুশীলন হবে- সবমিলিয়ে আমরা তৈরি। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। তাই আমি মনে করি, আমরা ভালো করতে পারবো। সূত্র: জাগোনিউজ২৪
বিশ্বকাপের আগে ভারতের মাটিতে বা আর কোথাও কোনো আবাসিক ক্যাম্প হবে কিনা- এমন প্রশ্নে নেতিবাচক জবাব জালালের। তিনি বললেন, না! এবার আমরা বাইরে কোনো ক্যাম্প করছি না। ভারতের কন্ডিশনের সঙ্গে সাদৃশ্য আছে। সেজন্য আমাদের কোথাও না গেলেও চলবে। একটা জায়গা ছাড়া কম-বেশি সবগুলোই ট্রপিক্যাল থাকবে।
বাংলদেশ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় খেলেছে। সে অভিজ্ঞতা কোনো কাজে দেবে কি না- জানতে চাওয়া হলে জালাল বলেন, (ধর্মশালায়) অনেক দিন আগে খেলেছি। মাঝখানে একটা বিরতি পড়ে গেছে। আমার মনে হয় যে, ওই অভিজ্ঞতাটা না হলেও, যেহেতু ধর্মশালায় আগে খেলেছে যারা, তাদের জানাশোনা ভেন্যু হবে। সেটা একটা সুবিধা হতে পারে। ধর্মশালায় একটু ঠান্ডা থাকবে। গড়ে হয়তো ২০ থেকে ২৫ ডিগ্রি থাকবে। এটা খুব একটা সমস্যা হবে না।
তিনি বলেন, ভারতে বিশ্বকাপে যে ৬ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ, তার সঙ্গে মিল রেখে সেরকম কন্ডিশনেই অনুশীলন করবে টিম বাংলাদেশ। তাই বাইরে গিয়ে অনুশীলন করার তেমন দরকার পড়বে না।