তামিমের সিদ্ধান্তে কোচ আমাকে ফোন দিয়ে চিল্লাচিল্লি করেছে: পাপন
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য শতভাগ ফিট নই, তবুও আমি খেলবো। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইাকবাল। তামিমের এমন বক্তব্যে চটেছেন হেড কোচ হাথুরুসিংহে এবং বিসিবি বস নাজমুল হাসান পাপন।
বুধবার ( ৫ জুলাই) সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
পাপন বলেন, এটি তো আর পাড়ামহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না।
তিনি বলেন, তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। কোচ আমাকে ফোন দিয়ে চিল্লাচিল্লি করেছে। আমি তো জানি না যে তামিম এসব কথা বলেছে। আমাকে কোচ এসব বলেছে।
এ বিষয়ে কোচের সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে আসলে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।
সব মিলিয়ে তামিমের এমন কথায় পাপন যে বিরক্ত তা ফুটে উঠেছে তার পরের কথায়। তিনি বলেন, তামিম ফিট নাকি ফিট না, এটা নাকি খেলে দেখবে সে। আন্তর্জাতিক ম্যাচ কি এমন মনোভাব নিয়ে কেউ খেলতে নামে? এটা হয় নাকি। এমন করেই যাচ্ছে ও। এর আগের ম্যাচেও তো তাই করেছে।
সূত্র: চ্যানেল২৪