ভারতকে হারিয়ে ওয়ানডেতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। সেই সঙ্গে ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার মিরপুরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে ৪৪ ওভার হয়ে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে ১১৩ রানে ভারতীয় মেয়েরা অলআউট হলে ৪০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। ম্যাচ সেরা হয়েছেন মারুফা আক্তার।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলার মেয়েরা। শারমিন আক্তার (০) এবং মুরশিদা খাতুন ১৩ রানে সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ফারজানা হককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা। দুজনে মিলে গড়েন ৪৯ রানের জুটি। ফারজানা ২৭ রানে আউট হলে ৮ রান করে তার দেখানো পথে পা রাখেন রিতু মনি। এরপর ৬৪ বলে ৩৯ রানে নিগার সুলতানা আউট হলে আর কেউ ব্যাটিংয়ে ভরসা জাগাতে পারেননি। শেষ পর্যন্ত ফাহিমা খানের অপরাজিত ১২ রানে ভর করে ১৫২ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
এরপর সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয় মেয়েরা। ১১ রানে স্মর্টি মানধান এবং ১০ রানে প্রিয়া পুনিয়াকে ফিরিয়ে চাপ সৃষ্টি করে টাইগ্রেস বোলাররা। এরপর ৫ রানের ভারতীয় অধিনায়ক হরমোনপ্রতি কোরকে হারালে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইন। জেমিমাহ রদ্রিগেজ (১০), দিপ্তী শর্মা (২০), আমানজোত কোর (১৫) রানে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ১১৩ রানে অলআউট হলে ৪০ রানের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মারুফা আক্তার। এছাড়াও তিন উইকেট শিকার করেন রাবেয়া খান। নাহিদা আক্তার ও সুলতানা খাতুনও একটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি