মিয়ামির হয়ে আগের মতোই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই: মেসি
বৈরি আবহাওয়ার কারণে লিওনেল মেসিকে বরণ করে নেয়ার অনুষ্ঠান শুরু হয় কিছুটা দেরিতে। তাতে সামান্যও কমেনি উৎসাহ-আমেজ। জমকালো আয়োজনের মধ্য দিয়েই বিশ্বজয়ীকে পরিচয় করিয়ে দেয়া হয় ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে। নতুন ঠিকানায় গিয়ে মেসি জানালেন, আগের মতোই প্রতিদ্বন্দ্বিতা করে খেলতে চান।
ফ্লোরিডার ডিআরবি পিএনকে স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ভোরে মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার অনুষ্ঠানে পুরো পরিবার নিয়ে উপস্থিত ছিলেন এই মহাতারকা। মালিকদের একজন বেকহ্যামও ছিলেন পরিবার নিয়ে, তার সঙ্গিনী ভিক্টোরিয়া বেকহ্যাম আলো কেড়েছেন আলাদা করেই। গ্যালারিতে ছিল তার ঝলমলে উপস্থিতি। ছিল ২০ হাজারের বেশি সমর্থক উপস্থিতি।
মিয়ামিতে যাওয়ার আগে কথা উঠেছিল ক্যারিয়ারের শেষদিকে চাপ নিতে চান না বলেই তুলনামূলক কম প্রতিযোগিতার ক্লাবে যোগ দিলেন মেসি। নতুন ক্লাবে যোগ দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি উল্টো জানিয়ে দিলেন, আগেই মতোই খেলে যাবেন।
মেসি বলেন, সত্যিই এই ক্লাবের হয়ে প্রশিক্ষণ শুরু করতে মুখিয়ে আছি এবং প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এখানেও সেই একই মনোভাব নিয়ে এসেছি। সত্যিই মিয়ামির হয়ে জিততে চাই ও সাহায্য করতে চাই যাতে দল হিসবে আমরা আরও বেশি সমৃদ্ধি করতে পারি।
তিনি আরো বলেন, এখানে এসে অনেকবেশি রোমাঞ্চিত এবং দারুণ খুশি। অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, জর্জ, হোসে, ডেভিড এবং তাদের পরিবারকে, আমাকে উষ্ণ অভ্যর্থনার জন্য। আমাদের এত তাড়াতাড়ি নিজের বাড়ির মতো অনুভূতি দেয়ার জন্য। সবকিছু সহজ করে তোলার জন্য, সত্যি বলতে এখানে আসার পর থেকে এটি আমাদের জন্য দর্শনীয় ছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি