তিন তারকা ফুটবলার ছাড়াই এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

 চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনু্ষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই আসরে বাংলাদেশের অন্যান্য দলের মতো অংশ নেবে পুরুষ ফুটবল দল। তবে সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে স্কোয়াডে থাকা ৩ তারকা ফুটবলারের সার্ভিস পাচ্ছে না লাল-সবুজের দল।

বাংলাদেশের ফুটবলে নতুন তারকা ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের চূড়ান্ত তালিকায় নেই এই ফুটবলার। শুধু মোরসালিন নয়, আনিসুর রহমান জিকো, তারিক কাজীসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবলারই নেই দলে। 

এশিয়ান গেমসের ঠিক একই সময় এশিয়ার ক্লাব ফুটবলের দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ চলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সেপ্টেম্বর ও অক্টোবরে আন্তর্জাতিক সূচি রয়েছে। এ জন্য বাফুফেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ক্লাবটি।
মূলত এশিয়ান গেমসের পুরুষ ফুটবল ইভেন্ট অনূর্ধ্ব-২৩ দল খেলে। এর সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। এজন্য এশিয়ান গেমসের দীর্ঘ তালিকায় ৫৮ জন খেলোয়াড় রেখেছিল বাফুফে। এতে মোরসালিন, জিকো, হৃদয়, তারিকসহ সবাই ছিলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সেই নাম গেমস কমিটিকে প্রেরণ করেছিল।

গত ১৫ জুলাই ছিল এশিয়ান গেমসের জন্য সকল ডিসিপ্লিনের খেলোয়াড় চূড়ান্ত করার ডেডলাইন। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সূচি ব্যস্ততায় এই দুই ক্লাবের খেলোয়াড় বাদ দিয়েই ২২ জনের চূড়ান্ত তালিকা করেছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

২২ জনের মধ্যে তিন জন সিনিয়র খেলোয়াড়ের মধ্যে অধিনায়ক জামাল ভূঁইয়া রয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে খেলায়। আগস্টে শুরু হতে যাওয়া ঘরোয়া লিগের দলবদলে তিনি যদি বসুন্ধরা কিংস বা আবাহনীতে নাম লেখান তাহলে তারও এশিয়ান গেমসে খেলা শঙ্কার মধ্যে পড়বে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads